প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউর স্ট্র্যাটেজি কমিটিতে সাইমুম পারভেজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) স্ট্র্যাটেজি কমিটিতে সাইমুম পারভেজকে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কমিটিতে পলিসি (নীতি), প্রযুক্তি ও উদ্ভাবন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার জিআইইউর উপপরিচালক মো. নাভিদ রেজওয়ানুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২২ এপ্রিল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান সাইমুম পারভেজ। নতুন এই মনোনয়নের মাধ্যমে তিনি অতিরিক্ত আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।
জিআইইউর বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভাবনী কর্মপদ্ধতির মাধ্যমে জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ২০১২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট প্রতিষ্ঠা করা হয়। ইউনিটটিকে দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি এবং নীতিগত পরামর্শ ও কৌশলগত সহায়তার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার (জনপ্রশাসন মন্ত্রণালয়) সভাপতিত্বে একটি স্ট্র্যাটেজি কমিটি গঠন করা হয়েছে।
সেই স্ট্র্যাটেজি কমিটিতেই পলিসি, প্রযুক্তি ও উদ্ভাবন বিশেষজ্ঞ হিসেবে সাইমুম পারভেজকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে