Views Bangladesh Logo

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোরবানির সব বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে।

রোববার (২৫ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, কাঁচা চামড়া ও আইনশৃঙ্খলা নিয়ে কোরবানি কমিটির এক সভা শেষে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। আমরা চাই বিক্রেতারা চামড়ার সঠিক মূল্য পাক, কারণ এটি দরিদ্র জনগোষ্ঠীর উপকারে আসে। এই চামড়াগুলো এতিমখানা ও মাদ্রাসাসহ বিভিন্ন অসহায় শ্রেণির মধ্যে বণ্টন করা হয়। দুর্ভাগ্যজনকভাবে, অনেক সময় ন্যায্য মূল্য দেয়া হয় না, তবে এবার সঠিক মূল্য নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হয়েছে।

কমিশন হার কমানোর উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, বর্তমানে ৫ শতাংশ কমিশন নেয়া হয় যা বেশি। আমরা এখনো সেটি কমাতে পারিনি, তবে ভবিষ্যতে তা ৩ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

এ বছর কোরবানির জন্য ২০টি নির্ধারিত হাট বসানো হবে জানিয়ে তিনি বলেন, হাটে অসুস্থ পশু বিক্রি ঠেকাতে কঠোর নিরাপত্তা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে। হাটে চিকিৎসক থাকবেন, যেন কেউ অসুস্থ পশু বিক্রি করতে না পারে এবং ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য সহায়তা পায়। পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হবে।

তিনি বলেন, কোরবানির তিন দিনের মধ্যে ৯০ শতাংশ কোরবানি হয় প্রথম দিনেই, বাকি অংশ পরে হয়। কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে যে, সব বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে, এবং এই বিষয়ে প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।

সভা শেষে উপদেষ্টা সব প্রশাসনিক সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং একটি নিরাপদ ও পরিচ্ছন্ন কোরবানি নিশ্চিতের আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ