Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের যেকোনো নিষেধাজ্ঞায় বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া : ঢাকায় রুশ রাষ্ট্রদূত

বাংলাদেশের ওপর আরোপিত যেকোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া। জাতিসংঘ ছাড়া অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা আমলে নেয়ার কিছু নেই বলেও মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে ওই পরিস্থিতি বিবেচনায় ঢাকা-মস্কো আলোচনা করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘টকস উইথ অ্যাম্বাসাডর’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত।

এসময় তিনি আরও বলেন, পশ্চিমাসহ অন্য যেকোনো দেশের নিষেধাজ্ঞাকে আমরা স্বীকৃতি দিই না। আমরা যেকোনো ধরনের অবৈধ নিষেধাজ্ঞার বিপক্ষে। আমরা শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা হলে সেটিকে স্বীকৃতি দিই। যদি ওই ধরনের কোনো সমস্যা হয়, আমরা আলোচনা করব। আমরা কী ধরনের সহযোগিতা করতে পারি সেটি রাশিয়ান সরকার এবং আমাদের অন্যান্য ইনস্টিটিউশন মিলে আলোচনা করব।

এদিকে ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা সরব থাকলেও ফিলিস্তিন ইস্যুতে তারা ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা নিয়েছে বলেও মন্তব্য করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্বন্দ্ব-সংঘাতের বদলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতাময় সম্পর্ক দেখতে চায় রাশিয়া। মার্কিন নেতৃত্বাধীন গোষ্ঠী এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে। এর অংশ হিসেবে তারা কোয়াড, অকাসের মতো সামরিক জোট করছে বলে অভিযোগ করেন আলেকজান্ডার ভি মান্টিটস্কি।

রাশিয়ার অর্থায়নে বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, যথেষ্ট সুরক্ষা ও নিরাপত্তা বজায় রেখে দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে চলছে। দিন দিন বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রসহ অর্থনীতির সব খাতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ প্রকাশ করে রুশ রাষ্ট্রদূত।

বাংলা ট্রিবিউনের কূটনৈতিক রিপোর্টার শেখ শাহরিয়ার জামানের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম। এসময় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়া যে অবদান রেখেছিল, সেই অবদান কোনোভাবেই পরিশোধ করা যাবে না। বর্তমান ভূরাজনীতিতে আমাদের পক্ষে রাশিয়াকে প্রয়োজন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ