৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে রুশ বিমান বিধ্বস্ত
৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, বিমানের আরোহীরা সবাই নিহত হয়েছেন। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টা) রাশিয়ার বেলগোরদ অঞ্চলে একটি ইউশিন আইএল-৭৬ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি ও ছয়জন ক্রু সদস্য ছিল।
ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। এজন্য ঘটনাস্থলে একটি তদন্ত কমিটি পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনার পর ইউক্রেন ভিত্তিক গণমাধ্যম ইউক্রেনস্কায়া প্রাভদা সংবাদপত্র সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, কিয়েভের সশস্ত্র বাহিনী বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। অবশ্য পরে প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়।
বিমান দুর্ঘটনার আগে রাশিয়ার পার্লামেন্টের একজন সিনিয়র আইন প্রণেতা আন্দ্রেই কার্তাপোলোভ দাবি করেছিলেন, রাশিয়া এবং ইউক্রেন বন্দি বিনিময় করবে। এ সময় ১৯২ জন যুদ্ধবন্দিকে ফেরত দেবে দুই পক্ষই।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ব্লেতগোরদের প্রচারিত একটি ফুটেজে দেখা যায়, বিমানটি উচ্চতা হারিয়ে দ্রুত নিচে নেমে আসে এবং এক পর্যায়ে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় আগুনের বিশাল কুণ্ডলী তৈরি হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে