Views Bangladesh Logo

ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আব্দুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং-১ রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে আব্দুল খালেক ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিওপি-সংলগ্ন ৪০ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় যান। এ সময় হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার বাঁ পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে সঙ্গে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্তঘেঁষা মিয়ানমারের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে স্থলমাইন পুঁতে রাখা রয়েছে। ফলে সীমান্তসংলগ্ন এলাকায় চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও শ্রমজীবী মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এ ঝুঁকি আরও বেড়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে গত এক মাসে সীমান্ত এলাকায় একাধিক স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় সীমান্তবর্তী জনপদে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সীমান্তসংলগ্ন ফসলি জমি, ফলের বাগান ও জুমচাষের জমিতে যেতে অনেকেই এখন ভয় পাচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ