Views Bangladesh Logo

চলতি অর্থবছরের দুই মাসে রাজস্ব ঘাটতি ৪ হাজার কোটি টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

অর্থবছরের শুরুতেই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম দুই মাসেই  (জুলাই-আগস্ট) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭ কোটি টাকা।

এনবিআর সূত্রে এতথ্য জানা গেছে। তথ্য বলছে, সবচেয়ে বেশি রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে আয়কর খাতে। এখাতে ঘাটতির পরিমাণ ২ হাজার ৯৫৮ কোটি টাকা। পণ্যমূল্য বৃদ্ধির পরও ভ্যাটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ কোটি টাকা।

সূত্র জানায়, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। আর সেই হিসাবে অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০ হাজার ৩২১ কোটি টাকা। এ

সময়ে এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমস সব মিলিয়ে আদায় করেছে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭ কোটি টাকা। রাজস্ব আদায়ে ঘাটতি থাকলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায়য় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭৪ শতাংশ।

এ ক্ষেত্রে শুধু ভ্যাটের প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৩৪ শতাংশ। মূলত ভ্যাটের ওপর ভরসা করে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে মনে করেন এনবিআর কর্মকর্তারা। তারা বলছেন, দেশে রেকর্ড মূল্যস্ফীতি বিরাজ করছে। আর মূল্যস্ফীতির কারণে বিভিন্ন পণ্যের দাম দ্বিগুণ থেকে ক্ষেত্র বিশেষে কয়েকগুণ বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভ্যাট আদায়ে। ফলে গত কয়েক বছরের তুলনায় ভ্যাট আদায় রেকর্ড হারে বেড়েছে বলেও মনে করেন এনবিআর কর্মকর্তারা। এনবিআর সূত্র জানায়, শুল্ক খাতে রাজস্ব প্রবৃদ্ধি ভালো না হলেও লক্ষ্যমাত্রার তুলনায় ১৪ কোটি টাকা বেশি আদায় করেছেন শুল্ক কর্মকর্তারা। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে শুল্ক খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ১৭৭ কোটি টাকা।

এ সময়ে শুল্ক বিভাগ আদায় করেছে ১৬ হাজার ১৯২ কোটি টাকা। অর্থাৎ ডলার সংকটের কারণে এলসি কমে যাওয়ার পরও লক্ষ্যমাত্রা থেকে ১৪ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে শুল্ক বিভাগ। তবে এ বিভাগে প্রবৃদ্ধি ৮ দশমিক ৯৪ শতাংশ। আর বেশি প্রবৃদ্ধি অর্জন করলেও দুই মাসের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি ভ্যাট বিভাগ। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৮৫ কোটি টাকা। আলোচ্য সময়ে ভ্যাট আদায় হয়েছে ১৭ হাজার ৯৪০ কোটি টাকা। অর্থাৎ ভ্যাট আদায়ে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ কোটি টাকা। তবে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৯ দশমিক ৩৪ শতাংশ।

রাজস্ব আহরণের সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আয়কর বিভাগের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৯ কোটি টাকা।

আলোচ্য সময়ে আয়কর বিভাগ আদায় করেছে ১২ হাজার ১০০ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম দুই মাসেই আয়কর বিভাগের রাজস্ব ঘাটতি ২ হাজার ৯৫৮ কোটি টাকা। তবে ঘাটতি হলেও আয়কর বিভাগের রাজস্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৬ দশমিক ৩৯ শতাংশ।

আয়কর কর্মকর্তারা বলছেন, সাধারণত রিটার্ন দাখিলের সময় সবচেয়ে বেশি রাজস্ব আহরণ হয়। তাই চলতি সময়ে একটু কম রাজস্ব আহরণ কম হয় বলেও মনে করেন আয়কর কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ