গত অর্থবছরে বাংলাদেশে ৩৮ লাখ টন গম রপ্তানি করেছে রাশিয়া: রাষ্ট্রদূত
গত অর্থবছরে রাশিয়া থেকে বাংলাদেশে ৩০ লাখ টন গম রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি।
শনিবার (১৯ অক্টোবর) তিনি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা জানান।
তিনি জানান, রাশিয়ার কৃষিপণ্য প্রধান রপ্তানিকারক দেশগুলোর মধ্যে মিশর, তুরস্ক, ইরান এবং বাংলাদেশ অন্যতম। "বাংলাদেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে, নিষেধাজ্ঞার প্রভাব সরাসরি সীমান্ত বন্ধের পরিস্থিতি সৃষ্টি করেনি। গত কৃষি বছরে (জুলাই ২০২৩ জুন ২০২৪), রাশিয়া বাংলাদেশে ৩ দশমিক ৮ মিলিয়ন টন গম রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮ গুণ বেশি। বাংলাদেশে রাশিয়ান শস্য সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং গুণগত মানের দিক থেকে আন্তর্জাতিক মান রক্ষা করা হয়েছে।"
"তা ছাড়া রাশিয়া বিশ্বের শীর্ষ কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশটির কৃষিপণ্যের রপ্তানির পরিমাণ যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার থেকেও বেশি। ২০২৪ সালের শুরু থেকেই রাশিয়ার শস্য রপ্তানি ৩০ দশমিক ৮ মিলিয়ন টন বেড়ে দাঁড়িয়েছে; যা গত বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। বৈশ্বিক দক্ষিণের দেশগুলোতে রাশিয়ার রপ্তানির হারও ক্রমবর্ধমান।"
তিনি বলেন, সম্প্রতি রাশিয়া ১৬০টিরও বেশি দেশে খাদ্য সরবরাহ বৃদ্ধি করেছে, যার মধ্যে ১০০ মিলিয়ন টন খাদ্য এবং ৪০ মিলিয়ন টন সার রপ্তানি করা হয়েছে। ইউক্রেন সংকটের পরেও রাশিয়ার রপ্তানিতে কোনো বিঘ্ন ঘটেনি, বরং নতুন ও দীর্ঘমেয়াদী অংশীদার খুঁজে পাওয়ার মাধ্যমে আমাদের রপ্তানি কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে। গত পাঁচ বছরে আমরা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে প্রায় ৩৮০ হাজার টন খাদ্য মানবিক সহায়তা হিসেবে সরবরাহ করেছি। এছাড়াও, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আমরা ছয়টি আফ্রিকান দেশে ২০০ হাজার টন গম বিনামূল্যে সরবরাহ করেছি এবং মালাউই, কেনিয়া, জিম্বাবুয়ে এবং নাইজেরিয়ায় ১১০ হাজার টন সার বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন বাড়াতে রাশিয়ার খনিজ সার অপরিহার্য। বৈশ্বিক সার বাজারে রাশিয়ার অবদান প্রায় এক-পঞ্চমাংশ, যা বিশ্বের প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশিয়ার কৃষি খাতে প্রযুক্তিগত উৎকর্ষতার পাশাপাশি, আমাদের বিশেষজ্ঞরা খাদ্য সরবরাহের প্রাপ্যতা নিশ্চিত করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমরা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) সঙ্গে একত্রে অনেক বছর ধরে কাজ করে আসছি, প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছি এবং এ বাবদ আমরা ১২০ মিলিয়ন ডলারের বেশি বরাদ্দ করেছি। এছাড়াও খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সঙ্গে মিলে মাটি সংরক্ষণ, প্রাণী ও উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ নিয়ে দীর্ঘমেয়াদি কাজ করছি।
বিশ্বের বৃহত্তম শস্য ও খনিজ সার রপ্তানিকারক হিসেবে, রাশিয়া বৈশ্বিক খাদ্য নিরাপত্তার সমস্যাগুলো সমাধানে অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু আমাদের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো সরবরাহ শৃঙ্খলা ব্যাহত করছে, যার ফলে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাচ্ছে এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর। এ জন্য রাশিয়ান খাদ্য সরবরাহের জন্য একটি নতুন অবকাঠামো প্রতিষ্ঠার প্রয়োজন, যার মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন এবং বিকল্প পেমেন্ট সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে, বলেন, রাষ্ট্রদূত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে