যে কারণে রাজধানীতে তীব্র গ্যাস সংকট
রাজধানীর অধিকাংশ এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। তিতাস গ্যাসের সংযোগ থাকলেও এলপিজির সিলিন্ডারই যেন রান্নার জন্য ভরসা হয়ে গেছে ঢাকার অধিকাংশ এলাকায়। সম্প্রতি রাজধানীসহ সারা দেশে দিনের বেশিরভাগ সময় থাকছে না গ্যাস। কিছু এলাকায় সরবরাহ থাকলেও তা অতি সামান্য থাকায় বাসাবাড়িগুলোতে রান্নার জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। আবার সরবরাহ না থাকা সত্ত্বেও লাইনের গ্যাসের বিল পরিশোধ করেও দৈনন্দিন কাজ মেটাতে সিলিন্ডার কিনে খরচা গুনতে হচ্ছে বাড়তি। ভাসমান টার্মিনালের মেরামত, শীতে সরবরাহ লাইনের গ্যাস জমে যাওয়াসহ বেশ কিছু কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
গ্যাস সংকটের কারণ:
কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনালের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি টার্মিনাল থেকে তিন দিন এলএনজি সরবরাহ বন্ধ থাকবে বলে জানায় বাংলাদেশ তেল-গ্যাস-খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে তারা বলেন, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় রাজধানীসহ সারা দেশে গ্যাস সংকট আরও বেড়েছে। গ্যাস সরবরাহ এখনো স্বভাবিক না হওয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংকট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
গত বৃহস্পতিবার পেট্রোবাংলার আরেকটি প্রতিবেদনে দেখা যায়, বিগত সপ্তাহের চেয়ে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হয়েছে। একইদিনে সাগরের এলএনজির ভাসমান টার্মিনাল থেকে এসেছে ৫৭৪ মিলিয়ন ঘনফুট গ্যাস। সেখানকার গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে ১১৬৮ মিলিয়ন ঘনফুট। এ কারণে গ্যাসের চাপ কম রয়েছে রাজধানীতে।
এছাড়া শীতের সময় তাপমাত্রা কমে যাওয়ায় পাইপলাইনে তরল পদার্থ জমে গ্যাস প্রবাহের চাপ কমে যায় যার কারণে গ্যাসের সরবরাহও কিছুটা কমে যায় বলে জানায় পেট্রোবাংলা ও তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক হাছান আহম্মদ গ্যাস সংকটের বিষয়ে শনিবার ভিউজ বাংলাদেশকে বলেন, ‘এলএনজি টার্মিনাল বন্ধ থাকার কারণে ঢাকায় গ্যাসের চাপ কম। শীতকালে এমনিতে সরবরাহ লাইনের তরল গ্যাস জমাট বেঁধে যায়। এতে গ্যাসের চাপ কমে যায়। এছাড়া তিতাস এলাকায় ১৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হলেও বিভিন্ন টার্মিনাল বন্ধ ও বেশি শীতের কারণে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম আসছে। তবে আশা করছি শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে