আত্মঘাতী গোলে হারল সেভিয়া, শীর্ষে বার্সেলোনা
দুই বছর ফ্রান্সের পিএসজিতে কাটিয়ে ফের স্পেনে ফিরেছেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোস। শুক্রবার রাতে বার্সেলোনার বিপক্ষে ব্যক্তিগত ৩৪তম লা লিগা ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। এবার বার্সার বিপক্ষে তিনি মাঠে নেমেছিলেন সেভিয়ার জার্সি গায়ে। ৩৭ বছর বয়সী এই তারকার আত্মঘাতী গোলে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয় কাতালানদের তুলে দিয়েছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষেও।
ম্যাচের ৭৬তম মিনিটে লামিন ইয়ামালের হেড রামোসের শরীরে লেগে সেভিয়ার জালে প্রবেশ করে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ম্যাচে দাপট ছিল বার্সারই। প্রথমার্ধে জোয়াও ফ্লিলিক্সের দারুণ শট অল্পের জন্য ক্রসবারের বাইরে দিয়ে চলে যায়। দুর্ভাগ্যের কারণে বেশ কয়েকটি গোল থেকে বঞ্চিত হয় বার্সেলোনা। প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সার ব্রাজিলীয় তারকা রাফিনহা।
মঙ্গলবার মায়োর্কোর বিপক্ষে ড্রয়ের ফলে পয়েন্ট তালিকায় জিরোনা ও রিয়ালের নিচে নেমে গিয়েছিল বার্সালোনা। রামোসের আত্মঘাতী গোল বার্সাকে শীর্ষে উঠতে সাহায্য করল। ৮ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ২০। অন্যদিকে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট জিরোনা ও রিয়াল মাদ্রিদের।
ম্যাচ শেষে বার্সার কোচ জাভি হার্নান্দেজ বলেন, “রামোস দুর্দান্ত একজন ডিফেন্ডার, আজ দুর্ভাগ্যক্রমে সে আত্মঘাতী গোল করে ফেলেছে। তবে ম্যাচে সে দারুণ খেলেছে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে