প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেলেন রাজশাহীর সেই টুলি
জীবন যুদ্ধে লড়ে যাওয়া রাজশাহীর সেই সাহসী নারী টুলি বেগম অবশেষে প্রধানমন্ত্রীর পক্ষে থেকে উপহার হিসেবে বাড়ি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে টুলি বেগমের হাতে বাড়ির চাবি ও দলিল তুলে দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।
মোসাঃ টুলি বেগম প্রায় ৪৫ বছর বয়সী এক নারী। অভাবের তাড়নায় জীবিকার তাগিদে রিকশা চালিয়ে যা উপার্জন করেন। স্বামী-সন্তান ছেড়ে গেছে অনেক বছর আগেই। তার এক অসুস্থ মেয়ে ও নাতনিকে নিয়ে ভাড়া থাকেন রাজশাহী মহানগরীর রায়পাড়া বস্তি এলাকায়। মাথার ওপর যেই আশ্রয় আছে, সেটিরও প্রতি মাসে ভাড়া দিতে হয়। এদিকে মেয়েটাও প্রায় সব সময় অসুস্থ থাকেন, তার উন্নত চিকিৎসাসেবা প্রয়োজন। তাই মেয়ের চিকিৎসার খরচ যোগাতে টুলি বেগম শিক্ষানগরী রাজশাহীতে রিক্সা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। সম্প্রতিককালে বিভিন্ন গণমাধ্যমে এবিষয়ে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি দৃষ্টিগোচর হয় সবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহেনার দৃষ্টি গোচরে এলে তিনি উপহার হিসেবে টুলি বেগমের জন্য পাঠান রিক্সা। এরপর একে একে অনেকেই তার সহায়তায় হাত বাড়ায়।
বাড়ির চাবি ও দলিল হাতে পেয়ে অশ্রুসিক্ত চোখে টুলি বলেন, ‘আমি অনেক কষ্ট করেছি। বাড়ি ভাড়া পরিশোধ করতে আমার একটা ভ্যান ছিল সেটাও বিক্রি করেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি আমাকে বাড়ি দিলেন। আমার এ বাড়ি পেতে যারা সহায়তা করেছেন তাদের সকলকে ধন্যবাদ।’
এসময় জুনায়েদ আহমেদ পলক, এএইচএম খায়রুজ্জামান লিটন তাকে অন্য কিছুর প্রয়োজন হলে সে সহায়তা করারও আশ্বাস দেন। এছাড়াও জেলা প্রশাসককে টুলি বেগমের খোঁজখবর রাখার নির্দেশনা দেন তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে