Views Bangladesh Logo

ঢাকাসহ উপকূলীয় অঞ্চলে ভারি বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার (২৯মে) ভোর থেকে রাজধানী ঢাকাসহ দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এর ফলে জনজীবন ও যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলায় দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে।

রাজধানী ঢাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া অনুভূত হচ্ছে। বৃষ্টির কারণে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। অনেক সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে যানজট।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ছয়টি অঞ্চলের নদীবন্দরগুলোতে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব নদীবন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, উত্তাল সাগরের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সাবধানে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে অতিভারী বর্ষণের আশঙ্কায় দেশের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের কিছু নদ-নদীর পানি দ্রুত বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, ফেনীর মুহুরী নদীর পানি শুক্রবার থেকে শনিবারের মধ্যে বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। একইভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনার কিছু নদীর পানি হঠাৎ বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ