ভারতে বাংলাদেশি নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ভারত বিরোধী নানা স্লোগান দেয়। বিক্ষোভকারীরা ভারতীয় আগ্রাসন রুখে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ফেলানীসহ ভুক্তভোগীরা কেউই ভারতের কাছ থেকে ন্যায্য সম্মান পায়নি।’
বেঙ্গালুরুর ঘটনায় এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি না দেয়াকে নতজানু পররাষ্ট্রনীতি বলেও মন্তব্য করেন তারা। পাশাপাশি অবিলম্বে ভারতীয় হাইকমিশনের কাছে জবাব চাওয়ার আহ্বানও জানানো হয়। এ সময় এ হত্যার বিচারও দাবি করেন তারা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ওই বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরের একটি লেক থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে