Views Bangladesh Logo

জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়াল সরকার। এর ফলে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম বেড়ে দাঁড়াল ১০৭ টাকা ৭৫ পয়সা। এর পাশাপাশি লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়ে ১২৭ টাকা এবং অকটেনের দাম বেড়ে ১৩১ টাকা হয়েছে। নতুন এই দর আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে এ সংক্রান্ত জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে সরকার। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৭ টাকা (লিটারপ্রতি) থেকে ৭৫ পয়সা বৃদ্ধি করে ১০৭ টাকা ৭৫ পয়সা, পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৪ টাকা ৫০ পয়সা (লিটারপ্রতি) থেকে ২ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১২৭ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৮ টাকা ৫০ পয়সা (লিটারপ্রতি) থেকে ২ টাকা ৫০ টাকা পয়সা বৃদ্ধি করে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। সমন্বয়কৃত এ মূল্য ১ জুন, ২০২৪ থেকে কার্যকর হবে।

এতে আরও বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে। মূল্য সমন্বয়ের পরও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯০.৭৬ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১২৫ টাকা ৭০ পয়সায় এবং পেট্রোল ১০৩.৯৪ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৪৩ টাকা ৯৬ পয়সায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে লিটারপ্রতি যথাক্রমে প্রায় ১৭ টাকা ৯৫ পয়সা ও ১৬ টাক ৯৬ পয়সা বেশি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ