৮৮ বছর বয়সে মারা গেছেন পোপ ফ্রান্সিস: ভ্যাটিকান
রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) ভিডিও বার্তায় এ বিষয়টি নিশ্চিত করে ভ্যাটিকান।
জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। সম্প্রতি নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে উঠেছিলেন পোপ ফ্রান্সিস।
ভ্যাটিকানের টিভি চ্যানেলে কার্ডিনাল কেভিন ফেরেল জানান, “প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যুর সংবাদ জানাতে হচ্ছে।”
তিনি আরও জানান, “আজ সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস পিতার ঘরে ফিরে গেছেন।”
২০১৩ সালের ১৩ মার্চ পোপ হিসেবে নির্বাচিত হন জর্জ মারিও বারগোগলিও। দারিদ্র্যের প্রতি গভীর সংবেদনশীলতা প্রদর্শনের জন্য পরিচিত এই আর্জেন্টাইন ধর্মযাজককে প্রথমে বাহিরের মানুষ মনে করেছিলেন অনেকেই। এ জন্য পোপের ঐতিহ্যবাহী বিলাসবহুল অ্যাপার্টমেন্টে না থেকে একটি সম্প্রদায়ের সাধারণ গেস্ট হাউসে থাকার সিদ্ধান্ত নেন তিনি। যা তার ‘মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছিলেন।
এদিকে উত্তরাধিকারসূত্রে এমন একটি চার্চের দায়িত্ব গ্রহণ করেছিলেন পোপ ফ্রান্সিস, যেটি শিশুদের যৌন নির্যাতন কেলেঙ্কারি এবং ভ্যাটিকানের আমলাতন্ত্রে কলহের কারণে সংকটকাল সময় পার করছিল। এজন্য চার্চে শৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য একটি ম্যান্ডেট নিয়ে তাকে বেছে নেয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে