Views Bangladesh Logo

নির্বাচনী প্রস্তুতি: নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে অবহিত করতে শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে এ সংলাপ শুরু হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সূত্র জানায়, ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দল এতে অংশ নিয়েছে। তিনটি দল সংলাপে আসেনি। এই তিনটি রাজনৈতিক দল সংলাপে যোগ দেবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনকে কোনো বার্তা দেয়নি। এ সংলাপে আমন্ত্রণ পায়নি গণতন্ত্রী পার্টি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত এই দিনব্যাপী সংলাপ দুটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ভাগ শুরু হয়েছে সকাল সাড়ে ১০টায়, যা শেষ হবে দুপুর ১টায়। দ্বিতীয় ভাগ বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

এ সংলাপে বসতে রাজনৈতিক দলগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদক অথবা তাদের দুজন প্রতিনিধিকে পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

বিএনপি এবং এর সমমনা দলগুলো এতে অংশ নেয়নি। এদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিপ্লবী কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় কল্যাণ পার্টি ও জাতীয় সমাজতান্ত্রীক দল (জেএসডি) এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত ছিল।

কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না থাকা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নির্বাচন কমিশনের এই সংলাপ বর্জন করেছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সংলাপে দলের প্রতিনিধিত্ব করছেন। এ তথ্য নিশ্চিত করেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, পাঁচ বছর মেয়াদী সংসদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বর্তামান সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ এর ২৯ জানুয়ারি। তার আগেে ৯০ দিনের গণনা শুরু হয়েছে ১ নভেম্বর থেকে।

নির্বাচন কমিশন জানায়, তারা নভেম্বরের মাঝামাঝিতে নির্বাচনের তফসিল ঘোষণা এবং জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে ২০২২-এর জুলাইয়ে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপের আয়োজন করেছিল। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) কয়েকটি দল অংশ নেয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ