আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কার্যক্রম শুরু: আইজিপি
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে পুলিশের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন নতুন মহাপরিদর্শক ময়নুল ইসলাম। এ ছাড়া, সমাজের নিরাপত্তা নিশ্চিতে থানায় থানায় নাগরিক কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
আজ বুধবার (৮ আগস্ট) দুপুর ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, “অতি উৎসাহী কিছু কর্মকর্তার জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কতিপয় উচ্চাভিলাষী কর্মকর্তা মানবাধিকার নীতিমালা পালন করেননি, অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাদের জন্যই চলমান এই সহিংসতা হতাহতের ঘটনা ঘটেছে।”
ময়নুল ইসলাম বলেন, “ঘটে যাওয়া এই সহিংসতার প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হবে, এই নিশ্চয়তা দিচ্ছি। পুলিশ প্রবিধান অনুযায়ী জড়িতদের ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি পুলিশ। এ জন্য আমি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।”
পুলিশের নতুন এই মহাপরিদর্শক (আইজি) জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের সকল জেলা, রেঞ্জ, পুলিশ লাইনস, মহানগরে থানা কার্যক্রম শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিজ নিজ এলাকায় নিরাপত্তার স্বার্থে নাগরিক কমিটি গঠন করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে