ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা, রামপুরায় পুলিশের বাধা
ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রতিবাদী পদযাত্রা আটকে দেয় পুলিশ। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেয়া হয়।
রোববার (৮ ডিসেম্বর) মিছিলটি সকাল ১১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে ভারতীয় হাইকমিশনের দিকে যাচ্ছিল। তবে বাড্ডার দিকে যাওয়ার সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেয়।
বিক্ষোভকারীরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় জাতীয় পতাকা অবমাননা এবং কথিত সাম্প্রদায়িক উস্কানির ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে একটি স্মারকলিপি জমা দেয়ার উদ্দেশ্যে এই মিছিল করে।
এর আগে সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এ সময় তারা ভারত বয়কটের দাবিতে স্লোগান দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে