অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছেন, ‘আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।’
নতুন মন্ত্রীসভার সহকর্মীদের সাথে শুক্রবার (১২ জানুয়ারি) সাভারের জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করার সময় তিনি এ অঙ্গীকার করেন। একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দরিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
দর্শনার্থী বইতে প্রধানমন্ত্রী আরও লেখেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রেরও বিজয়।
পঞ্চমবারের মতো পুনরায় সরকার গঠনের শপথ নেওয়ার একদিন পর আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রীসভার সহকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকালে মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টি আসনের মধ্যে ২২২টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এর চার দিন পর পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শেখ হাসিনা ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এবারের মন্ত্রীসভায় ২৫ জন মন্ত্রী ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে