‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ পেলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নেতৃত্ব এবং সোচ্চার কণ্ঠস্বরের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পান।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানসুল করিম সংবাদমাধ্যমকে বলেন, "রবিবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডটি হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।"
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলন-কপ ২৮ এর সাইড-লাইনে একটি উচ্চস্তরের প্যানেল অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস এবং আইওএমের মহাপরিচালক অ্যামি পোপের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তথ্যমন্ত্রী।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কারে পুরস্কৃত করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা।
আরও জানা গেছে, পুরস্কারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি এবং জলবায়ু গতিশীলতা উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অব্যাহত নেতৃত্বের প্রতি বিশ্বের সমর্থন।
এর আগেও আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বতসোয়ানা, সুরিনাম ও পালাউ দেশগুলি এ পুরস্কার পায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে