‘মুজিব’ বায়োপিকের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে নৈশভোজ প্রধানমন্ত্রীর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব: দ্য মেকিং অব এ নেশন'-এর শিল্পী ও কলাকুশলীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার গণভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন জানান, নৈশভোজে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। শেখ হাসিনা ভবিষ্যতে এ ধরনের চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, যাতে নতুন প্রজন্ম সঠিকভাবে ইতিহাস জানতে পারে। দেশের বিভিন্ন জেলায় বন্ধ থাকা সিনেমা হলগুলো সংস্কার ও পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। পরে প্রধানমন্ত্রী চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের হাতে স্মারক তুলে দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে 'মুজিব: দ্য মেকিং অব এ নেশন' চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘মুজিব’ বায়োপিকের প্রিমিয়ার শো দেখেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। এরপর শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ছবিটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে