Views Bangladesh Logo

স্বাধীন কমিশন গঠনের দাবি পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী কর্মকর্তা-কর্মচারীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

ছাত্র সমন্বয়কসহ স্বাধীন কমিশন গঠন করে সংস্কার না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ নিয়ন্ত্রণসহ চার দফা দাবি জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা-১ জোনের জুনিয়র টেকনিশিয়ান তামজিদুল ইসলাম, নরসিংদী-১ জোনের ডিজিএম (টেকনিক্যাল) আবদুল্লাহ আল হাদী, নরসিংদী-২ এর জুনিয়র ইঞ্জিনিয়ার শায়ীদুল ইসলাম ভুইয়া প্রমুখ।

পল্লী বিদ্যুৎ খাতে অস্থিতিশীল অবস্থার টেকসই সমাধানের জন্য চার দফা দাবি তুলে ধরেন তারা।

১. আরইবি কর্তৃক সৃষ্ট অস্থিতিশীল পল্লী বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে মামলা প্রত্যাহার করে ২৪ জনের চাকরি ফিরিয়ে দেওয়া ও স্ট্যান্ড রিলিজ এবং সংযুক্ত ২ জনকে পদায়ন করা।

২. গ্রাহকের নিকট জবাবদিহি নিশ্চিতের জন্য সমিতি ও বোর্ড সংস্কার করে একীভূত করে একটি প্রতিষ্ঠান করা ও স্থায়ী পদের বিপরীতে চুক্তি ভিত্তিকদের নিয়মিত করা।

৩. ছাত্র সমন্বয়কসহ স্বাধীন কমিশন গঠন করে সংস্কার না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা।

৪. আরইবির দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা।

তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায়, এই সিস্টেমের সংস্কার দাবি করায়, শহর এবং গ্রামের বিদ্যুৎ বৈষম্য নিরসনের দাবি তোলায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে।

বিদ্যমান পরিস্থিতিতে হঠাৎ করেই কোনোরকম পূর্ব নোটিশ ছাড়াই গত ১৭ অক্টোবর ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ী বরখাস্ত করা হয় এবং ১৮ জনকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন তারা।

এসব মামলা এবং গ্রেপ্তারের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সেবা বিঘ্নিত হয়; যার জন্য তারা গ্রাহক সাধারণের কাছে ক্ষমা চান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ