সংসদের শোকপ্রস্তাব ‘একপেশে’, দাবি বিরোধীদলীয় উপনেতার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবকে ‘একপেশে’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সংসদে উত্থাপিত শোকপ্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
তবে এ সময় বিরোধীদলীয় উপনেতা ড তাহের শোকপ্রস্তাবকে ‘একপেশে’ বলে মন্তব্য করেন। তিনি জামায়াত নেতা ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী এবং কাদের মোল্লাসহ কয়েকজনের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ এবং ফেলানী খাতুনের নামও শোকপ্রস্তাবে যুক্ত করার দাবি জানান।
বিরোধী দলের এসব প্রস্তাবের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, বিরোধী দলের প্রস্তাবিত নামসহ যেসব নাম বাদ পড়েছে, সেগুলো শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। এ সময় তিনি ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীসহ ওই দুর্ঘটনায় নিহত সবার নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা জানান।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এরপরই সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে