Views Bangladesh Logo

নাঈমুল ইসলাম খান পরিবারের সোয়া ছয় কোটি টাকা অবরুদ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

শেখ হাসিনার সাবেক প্রেসসচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তাদের তিন সন্তান লাবিবা নাঈম খান, আদিভা নাঈম খান ও যূলিকা নাঈম খানের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ছয় কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৯৪৪ টাকা জমা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আফরোজা হক খানের আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (১৮ মার্চ) এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত।

দুদকের আবেদনে বলা হয়েছে, এসব ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট জমা পড়ে ৩৮৫ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ৮৩৯ টাকা এবং উত্তোলন করা হয় ৩৭৯ কোটি ৫২ লাখ পাঁচ হাজার ৭৫ টাকা।

সংস্থাটি জানায়, নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ অর্জনপূর্বক ওই অর্থের উৎস আড়ালে তার, তার স্ত্রী ও তিন মেয়ের নামীয় ১৬৩টি ব্যাংক হিসাবে ওই পরিমাণ টাকা জমা ও উত্তোলনসহ অবৈধ ব্যাংকিং চ্যানেলে এনে মানিলন্ডারিংসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানে টিম গঠন করা হয়।

অনুসন্ধানকালে পাওয়া তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি, তাদের তিন সন্তান লাবিবা নাঈম খান, আদিভা নাঈম খান, যূলিকা নাঈম খান এবং তাদের নামীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ১৬টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সর্বমোট ১৬৩টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য রয়েছে।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টরা একাউন্টে রাখা অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতেরও চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে ব্যাংক হিসাবগুলোতে থাকা অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতির শঙ্কা থেকেই আদালতে সেগুলোর অবরুদ্ধ রাখার আবেদনটি জানায় দুদক।

২৫ ফেব্রুয়ারি নাঈমুল এবং তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ