গজারিয়ায় জোয়ারের পানিতে ভেসে গেল শতাধিক গরু, মৃত উদ্ধার ৩৬
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামসংলগ্ন খালে হঠাৎ জোয়ারের পানি ও কচুরিপানার স্রোতে ভেসে গেছে শতাধিক গরু। শুক্রবার (২৩ মে) বিকাল ৪টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ইতোমধ্যে ৩৬টি গরুর মৃতদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও অন্তত ৬৫টি গরু। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি অনুযায়ী, আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতি দিনকার মতো শুক্রবারও কৃষকরা তাদের গরুগুলো চরাঞ্চলে ঘাস খাওয়ানোর জন্য খাল পাড় করে নিয়ে যান। বিকালে ফিরে আসার সময় আকস্মিক জোয়ারের পানি এবং কচুরিপানার চাপে গরুগুলো খালের স্রোতে ভেসে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু কৃষক। জানা গেছে, কৃষক এমরান হারিয়েছেন ২টি, মহসিন ৪টি, ইয়ারুর ৩টি, মাসুম ১টি, ওয়াহিদুজ্জামান ১টি, রনি ১টি, নাহিদ ৩টি, হেলানি ১টি, হানিফা ২টি, মনা ২টি, মো. শরীফ ৩টি, তরিকুল ২টি, কবির খান ৩টি, আবুল হোসেন ৩টি, জামাল ১টি, শাহাজালাল ৩টি এবং রসুল গাজী হারিয়েছেন ১টি গরু।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা শ্যামল খান বলেন, “আজকের দিনটি আমাদের গ্রামের ইতিহাসে এক ভয়াবহ দিন। অধিকাংশ পরিবার কৃষিকাজ এবং গরু পালনের ওপর নির্ভরশীল। প্রতিদিন গরুগুলো চরে যায়, বিকেলে ফিরে আসে; কিন্তু আজকের জোয়ারে প্রায় সব গরুই ভেসে গেছে।”
ক্ষতিগ্রস্ত কৃষক মহসিন বলেন, “জীবনে এমন ঘটনা কখনো ঘটতে দেখিনি। আমার ৪টি গরু ভেসে গেছে। আমি এখন সর্বস্বান্ত।”
আরেক কৃষক আবু তালেব সুজন খান বলেন, “প্রতিদিনের মতো আজও গরুগুলো খাল পাড় হয়ে ঘাস খেতে গিয়েছিল। কিন্তু বিকালে ফেরার পথে জোয়ারের পানির স্রোতে প্রায় শতাধিক গরু ভেসে যায়। এখনও অনেকেই খুঁজছে তাদের গরু।”
হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”
গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের পক্ষে যতটা সম্ভব সহযোগিতা করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম জানান, “এখন পর্যন্ত ৩৬টি মৃত গরু উদ্ধার করা হয়েছে। বাকি গরুগুলোর সন্ধানে তৎপরতা চলছে। কৃষকদের বড় ধরনের ক্ষতি হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব সহায়তা করা হবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে