মধ্যপ্রাচ্যে সংঘাতের ১০ দিনে ১,১০০ শিশু হতাহত: ইউনিসেফ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে গত ১০ দিনে শিশুদের জন্য পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠছে। এর পাশাপাশি এই সহিংসতায় এখন পর্যন্ত ১ হাজার ১০০-রও বেশি শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির মতে, সংঘাত যত তীব্র হচ্ছে, শিশুদের জীবনের ঝুঁকি ততটাই বাড়ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সহিংসতায় শিশুদের ওপর নেমে এসেছে চরম নৃশংসতা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ১০ দিনে ইরানে ২০০ জন, লেবাননে ৯১ জন, ইসরায়েলে ৪ জন এবং কুয়েতে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। আহত ও নিহতের এই পরিসংখ্যান সময়ের সাথে সাথে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অবিরাম বোমাবর্ষণের কারণে মধ্যপ্রাচ্যের লাখ লাখ শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এছাড়াও শত শত হাজার শিশু বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবন যাপন করছে। শুধু তাই নয়, এই যুদ্ধে শিশুদের বেঁচে থাকার জন্য অপরিহার্য হাসপাতাল, স্কুল এবং পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মতো বেসামরিক অবকাঠামোগুলোও কেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।
ইউনিসেফ স্পষ্টভাবে জানিয়েছে, শিশুদের হত্যা, পঙ্গু করা বা তাদের অত্যাবশ্যকীয় সেবা ব্যাহত করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এটি আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।
জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সুর মিলিয়ে ইউনিসেফ সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে লড়াই বন্ধ করে কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। বিশেষ করে, জনাকীর্ণ এলাকায় বিস্ফোরক অস্ত্রের ব্যবহার বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে যা শিশুদের ওপর অসম প্রভাব ফেলে।
বিবৃতির শেষে বলা হয়েছে, "এই অঞ্চলের ২০ কোটি শিশু আজ বিশ্বের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় প্রহর গুনছে।"

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে