নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছেন না।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভার স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘দেশের মানুষের অনেক আশা, ৫ আগস্টের পরিবর্তনের পর, হাসিনা দেশ থেকে পালানোর পর, দেশ বদলে যাবে। জনগণের ভোটাধিকার দ্রুতই ফিরে আসবে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। কিন্তু দুঃখের সঙ্গে দেখছি, সে লক্ষ্যে আমরা পরিষ্কার কোনো নির্দেশনা পাচ্ছি না।’
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, তা আপনারা দেখেছেন।’
তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার উপযোগী পরিবেশ হারাচ্ছে। অবিভক্ত বাংলার কিছু বিশ্ববিদ্যালয় থেকে বিশিষ্ট বিজ্ঞানী, সাহিত্যিক, বিশেষ করে পূর্ববঙ্গের জন্ম নেয়া ব্যক্তিদের নাম মুছে ফেলার চেষ্টা চলছে।’
ফখরুল বলেন, ‘একটি গোষ্ঠী বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেশের গণতন্ত্র ব্যাহত ও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বাইরের দিক থেকেও এমন প্রচেষ্টা চলছে। দেশের ভেতরের কিছু গোষ্ঠীও ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বর্ধিত সভার সভাপতিত্ব করছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সভায় যুক্ত হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে