আন্তঃকোরিয়ান সড়কের কিছু অংশ উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তঃ কোরিয়ান সড়ক ও রেললাইনের অংশবিশেষ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। জবাবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রতিবেশীদের বিভক্ত সামরিক সীমানারেখার দক্ষিণে সতর্কীকরণ গুলি ছোড়ে। তবে এতে সীমান্তের সিউলের দিকে কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে বাহিনীটি।
রয়টার্স জানায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে দুই কোরিয়ার মধ্যে দিয়ে চলে যাওয়া সুরক্ষিত সীমান্তের পাশে দক্ষিণের সঙ্গে সংযুক্ত সড়ক ও রেললাইনের উত্তরের কিছু অংশে বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দেওয়া ভিডিওতে পশ্চিম সীমান্ত শহর কায়েসোংয়ের কাছে একটি রাস্তায় বিস্ফোরণ থেকে সাদা এবং ধূসর ধোঁয়ার মেঘ দেখা গেছে। ভিডিওতে আরও দেখা গেছে, বেশ কয়েকটি ডাম্প ট্রাক ও আর্থ-মুভার এগিয়ে আসছে এবং উত্তর কোরিয়ার একদল সামরিক কর্মকর্তা গাড়িগুলো পর্যবেক্ষণ ও গাইড করছেন।
বাহিনীটির জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) গণমাধ্যমে পাঠানো বার্তায় বলেন, অব্যবহৃত রাস্তায় বিস্ফোরণ উত্তরের ক্রোধের প্রতীকী প্রদর্শন।
তবে একে দক্ষিণ কোরিয়ার রক্ষণশীল সরকারের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য বিশ্লেষকদের।
পিয়ংইয়ং গত সপ্তাহে সিউলের বিরুদ্ধে তার আকাশে ড্রোন পাঠিয়ে উত্তর কোরিয়া বিরোধী লিফলেট ছড়ানোর অভিযোগ তোলে এবং আন্তঃ কোরীয় সড়ক ও রেলপথ সম্পূর্ণভাবে বিচ্ছিন্নের হুমকি দেয়। এছাড়া সীমান্তের পাশের এলাকাগুলোতে নিরাপত্তা আরো শক্তিশালী করে। দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জংও মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছিলেন যে, সিউলকে এর চড়া মূল্য দিতে হবে।
এরপর সিউল সতর্ক করে বলেছিল, উত্তর কোরিয়া একটি বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত হচ্ছে। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নাকি বেসামরিক নাগরিকরা কথিত ড্রোনগুলো উড়িয়েছে তা জানাতে অস্বীকৃতি জানায় দেশটির সরকার।
গত মে মাস থেকে উত্তর কোরিয়া থেকে ভেসে আসা আবর্জনার বেলুন নিয়েও দুই কোরিয়ার মধ্যে সংঘর্ষ চলছে। পিয়ংইয়ং বলেছে, দক্ষিণাঞ্চলের সরকারবিরোধী কর্মীদের পাঠানো বেলুনের জবাবে এই উৎক্ষেপণ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে