স্টারলিংক সংযোগ স্থাপনে এনওসি বাধ্যতামূলক: ফয়েজ আহমদ তৈয়্যব
স্টারলিংক সংযোগ নেয়ার জন্য সরকার থেকে অনাপত্তি সনদ বা এনওসি নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
মঙ্গলবার (২০ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্টারলিংক সংযোগ স্থাপন প্রসঙ্গে তাইয়েব বলেন, প্রতিটি সংযোগের জন্য একটি সেটআপ বক্স, একটি অ্যান্টেনা এবং একটি রাউটার প্রয়োজন হবে। আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ দেশ একটি নতুন প্রজন্মের ইন্টারনেট সেবায় প্রবেশ করল।
স্টারলিংক বাংলাদেশি গ্রাহকদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে উল্লেখ করে তিনি বলেন, স্টারলিংক রেসিডেনশিয়ালের মাসিক খরচ হবে ৬ হাজার টাকা এবং রেসিডেনশিয়াল লাইটের খরচ ৪ হাজার ২০০ টাকা। এছাড়া, প্রতিটি সংযোগ স্থাপনে ৪৭ হাজার টাকার সেটআপ খরচ প্রযোজ্য হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, প্রতিটি সংযোগের জন্য স্টারলিংককে মাসিক ১ মার্কিন ডলার করে বাংলাদেশ সরকারকে দিতে হবে, যাতে ভ্যাট ও ট্যাক্স আদায় নিশ্চিত করা যায়।
তিনি বলেন, আমরা প্রতিটি সংযুক্ত ডিভাইস থেকে ভ্যাট ও কর আদায় করব। এজন্য প্রতিটি ডিভাইসের জন্য ‘অনাপত্তি সনদ’ নিতে হবে। এতে কেউ ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দেয়ার সুযোগ পাবে না বলে আমরা মনে করি।
বিশেষ সহকারী জানান, স্টারলিংক বছরে ৩০ হাজার মার্কিন ডলার ফি সরকারকে দেবে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে