সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই: জামায়াতের আমির
ঢাকার কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলাকালে এই উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের আমির আরও বলেন, গোপালগঞ্জের পর ঢাকার কচুক্ষেতে এ ঘটনা ঘটলো। শ্রমিকদের যদি কোনো ন্যায্য দাবি-দাওয়া থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবেন এটাই তাদের কর্তব্য। কিন্তু বিক্ষোভকালে সেনাবাহিনী এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এটা যদি বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হয়ে থাকে, দেশ এবং অর্থনীতিকে অস্থিতিশীল করার কোনো ছক থেকে থাকে তাহলে বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই।
উল্লেখ্য, আজ সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় বিভিন্ন দাবিতে একটি গার্মেন্টসের পোশাক শ্রমিকরা সড়কে নামেন। এ সময় শ্রমিকদের আন্দোলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে শ্রমিকরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। শ্রমিকদের আন্দোলনে পুরো কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সে সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে দেয়া আগুন নেভায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে