Views Bangladesh Logo

আগামী ১০ দিনে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

ত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা গেছে। সূর্যের দেখা না মেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অন্যদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শীতের প্রকোপ কিছুটা বেশি হলেও আগামী ১০ দিনের মধ্যে কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে এই কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছিতে নামতে পারে। ফলে এই অঞ্চলে শীতও বেশি অনুভূত হতে পারে।

এ বিষয়ে বুধবার (১১ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং জানুয়ারিতে শীত সবচেয়ে বেশি অনুভূত হবে। তবে আগামী ১০ দিন শীতের প্রকোপ বেশি থাকার আভাস পাওয়া গেলেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখা যায়নি। আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। শৈত্যপ্রবাহ আসতেও পারে তবে সেটি উত্তরবঙ্গেই হওয়ার সম্ভাবনা বেশি।

এদিকে উত্তরের জেলা নওগাঁর বদলগাছীতে তাপমাত্রা নেমে এসেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশা ও হিমেল হাওয়ায় জবুথবু অবস্থায় রয়েছে সেখানকার মানুষ।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আরও বলেন, এই সপ্তাহে শৈত্যপ্রবাহ না হলেও তাপমাত্রা এর কাছাকাছি থাকবে। শৈত্যপ্রবাহ না হলেও শৈত্যপ্রবাহের মতো তাপমাত্রা অনুভূত হতে পারে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের খুব কাছাকাছি দেখা গেছে। শৈত্যপ্রবাহ বলতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া এবং একটানা কয়েকদিন ধরে ঠান্ডা আবহাওয়া বিরাজ করা বুঝায়। যদি তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বিবেচনা করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, ডিসেম্বর মাসেই দুটি লঘুচাপ, একটি ঘূর্ণিঝড় এবং দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ