মানুষের নিরাপত্তার প্রশ্নে দল-মত দেখা যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, কোনো মব সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। মানুষের নিরাপত্তার প্রশ্নে দল-মত দেখা যাবে না।
শুক্রবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় রাখতে হবে এবং দল-মত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমার দল সবার সেবক হিসেবে সেবা করতে চায়।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু একটি দলের নয়—আইনশৃঙ্খলার অবনতি হলে প্রকৃত অপরাধীকে ধরতে হার্ডলাইনে যেতে হবে। এখানে দল-মত দেখার কোনো প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, পুলিশের তদন্ত নিরপেক্ষ হতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া চলবে না। মানুষের নিরাপত্তার প্রশ্নে দল-মত দেখা যাবে না; প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
সভায় আরও বক্তব্য দেন- পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে