সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস নয়: বিমানবাহিনী প্রধান
‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’—বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলেও দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বুধবার (২৮ মে) সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৮তম দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় নবীন কর্মকর্তাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে নিয়োজিত থাকার পাশাপাশি প্রশিক্ষণের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
বিমানবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো—নন-ট্র্যাডিশনাল হুমকি সহ সব ধরনের বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা। এরই অংশ হিসেবে সেনাবাহিনী ধারাবাহিকভাবে নানা দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করে আজ একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে। প্রযুক্তিনির্ভর আধুনিক যুদ্ধ ও দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত কমিশনপ্রাপ্ত নবীন অফিসাররা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন।
প্রতিবারের মতো এবারও রাষ্ট্রপতির কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে নবীন অফিসারদের কমিশন প্রদান করা হয়। ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে এবার মোট ১৫৫ জন ক্যাডেট কমিশন লাভ করেন। তাঁদের মধ্যে ১২৮ জন পুরুষ, ২৩ জন নারী এবং ৪ জন ফিলিস্তিনি অফিসার রয়েছেন।
কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির ‘সোর্ড অব অনার’ লাভ করেন। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানি সিনিয়র অফিসার মো. আব্দুল ওয়াদুদ মাসুম অর্জন করেন ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’। বিদেশি ক্যাডেটদের মধ্যে ফিলিস্তিনের অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইসবে ‘বিএমএ ট্রফি অব এক্সিলেন্স’ লাভ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন। পরে নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তাদের পিতা-মাতা ও অভিভাবকরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং বিএমএ কমান্ড্যান্ট। অনুষ্ঠানে দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নবীন অফিসারদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে