নওগাঁয় দেড় মাসের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ
নওগাঁর মান্দায় দেড় মাস বয়সী এক শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশু আয়েশা একই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শিশুটিকে দোলনায় রেখে তার মা প্রতিবেশীর বাড়িতে যান। কিছুক্ষণ পর শিশুর কান্না শুনে ফিরে এসে তিনি মেয়েকে কোলে তোলেন। তখন শিশুর মুখ থেকে বিষের গন্ধ ও ফেনা বের হতে দেখে তিনি চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে বিষয়টি নিশ্চিত হয়ে শিশুটিকে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে