Views Bangladesh Logo

অফশোর গ্যাস উত্তোলন: বিনিয়োগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে জ্বালানি ঘাটতি দূর করতে সরকার অফশোর গ্যাস উত্তোলনের সিন্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, “এ জন্য আমাদের বিনিয়োগ প্রয়োজন।”

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার হানি সালেম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, সরকার দেশের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করেছে।

তিনি উল্লেখ করেন, ১৯৯৬ সালে তার প্রথম মেয়াদে তিনি বিদ্যুৎ খাতের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছেন।

তিনি বলেন, বর্তমান সরকার তা সৃষ্টি করায় দেশে বিনিয়োগ উপযোগী পরিবেশ বিরাজ করছে।

কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন এবং এজন্য দেশে বিনিয়োগ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “বিশেষ করে গ্রামীণ অর্থনীতি ও খাদ্য উৎপাদনের উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিয়েছি।”

প্রধানমন্ত্রী বলেন, সরকার বর্তমান মূল্যস্ফীতি রোধে লড়াই করছে এবং জনসাধারণের ভোগান্তি লাঘবের ওপর জোর দিয়েছে। তিনি বলেন, “এজন্য আমরা সব ধরনের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছি।”

আইটিএফসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী হানি সালেম বলেন, তারা অবকাঠামো, আইসিটি, ঋণ ব্যবস্থাপনা, জ্বালানি খাত ও জলবায়ু পরিবর্তন ইস্যুসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা দেবেন।

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক ব্যবস্থাপনার প্রশংসা করেন ইঞ্জিনিয়ার হানি সালেম। তিনি বলেন, ঋণ পরিশোধে বাংলাদেশের চমৎকার ট্র্যাক রেকর্ড রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ