এনসিটিবি সংঘর্ষ: ‘সংক্ষুব্দ ছাত্রজনতা’র বিক্ষোভ মিছিলে টিয়ারসেল-জলকামান
বুধবার এনসিটিবির সামনে হামলার ঘটনায় ‘সংক্ষুব্দ ছাত্রজনতা’ বিচারের দাবি জানিয়ে শিক্ষাভবন অভিমুখে গেলে তাদের ওপর পুলিশের টিয়ারসেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে সংক্ষুব্দ ছাত্রজনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে সেখানে পুলিশ তাদের ওপর টিয়ারসেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বিক্ষোভ মিছিলে অংশ নেয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী ভিউজ বাংলাদেশকে বলেন, ‘আমরা খুব শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাই। আমাদের কোনো কিছু না বলেই হঠাৎ করেই দূর থেকে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পথচারীসহ ৭ থেকে ৮ জন আহত হয়েছেন।’ আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।’
বিক্ষোভ মিছিলে অংশ নেয়া ইসরাত জাহান ইমু বলেন, ‘আমরা মিছিল নিয়ে হাইকোর্ট ভবনের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। এরপর তাদের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে তারা টিয়ারসেল নিক্ষেপ করে। এরপর আমরা যখন ক্যাম্পাসের ভিতরে শিশু চত্ত্বরের দিকে আসি সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে।‘
এসময় আইন বিভাগের শিক্ষার্থী তাসমিয়া নেবুলা আহত হন।
এর আগে, বুধবার ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একদল লোক পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। সেখানে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামে একটি সংগঠনের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে সাংবাদিক ও নারীসহ বেশ কয়েকজন আহত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে