Views Bangladesh Logo

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা একটি মামলায় আজ রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা আজ সন্ধ্যায় ঝিনাইদহ শহরের স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মিলনায়তনের সামনে পৌঁছানো মাত্রই ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকের বিশেষ দল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার (২৩ মে) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২২ মে (শুক্রবার) ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে এনসিপি নেতা-কর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতা-কর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। এর পাল্টা জবাবে পরদিন শনিবার দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ