ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান নাহিদের
ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
উপদেষ্টা বলেন, আমাদের সমাজে এখনও নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা ও ফ্যাসিবাদী কাঠামো রয়েছে। ব্যক্তি ও সমাজকে ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে সংস্কৃতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব। এটি করা সম্ভব হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দীর্ঘস্থায়ী হবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার পৃষ্ঠপোষকতা করবে। চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের স্থবিরতা দূর করতেও সরকার কাজ করছে।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রকৃত ঘটনার আলোকে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। এ ধরনের চলচ্চিত্র নির্মাণে যেন ইতিহাস বিকৃত করা না হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার হচ্ছে। এ ধরনের অপপ্রচার প্রতিরোধে তিনি সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জানা গেছে, এবারের চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। এতে ১০০টি দেশের ২৭৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। গতকাল থেকে এই অনুষ্ঠান চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে