কক্সবাজারে ডাকাতির পর মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে জানালার গ্রিল কেটে ডাকাতির পর তার স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার এক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত, তানজিদ ও মোহাম্মদ তারেক। তারা সবাই একই উপজেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এদের মধ্যে চারজনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ওই ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় গৃহকর্তা বাড়িতে ছিলেন না। ব্যবসায়ীর অনুপস্থিতির সুযোগ নিয়ে অস্ত্রধারী ডাকাতরা তার স্ত্রী ও দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে জিম্মি করে দলবদ্ধ ধর্ষণ করে। এরপর তারা ঘরের নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
ভোররাতে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী গৃহবধূর ছোট ভাই জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার দশম শ্রেণি পড়ুয়া ভাগ্নির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশের নেতৃত্বে পুলিশের একাধিক টিম রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক তদন্তে চারজনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ভুক্তভোগীদের চিকিৎসার পাশাপাশি মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে