Views Bangladesh Logo

বেইলি রোডের অগ্নিকান্ডে বেশির ভাগই শ্বাসরোধে মারা গেছেন: ঢামেক পরিচালক

রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অধিকাংশই শ্বাসরোধে বা শ্বাসতন্ত্রে পুড়ে মারা গেছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান।

শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, "শুধুমাত্র কয়েকজনের দেহের বাইরের অংশে পোড়ার ক্ষত রয়েছে।"

এর আগে রাত পৌনে ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আগুনের ঘটনায় ৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, আমি সংবাদ পেয়ে দ্রুত চলে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে দ্রুত যেতে বলেছেন। এখানে এসে ভয়াবহ অবস্থা দেখলাম। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপরদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছেন। যারা এখন পর্যন্ত বেঁচে আছেন, তাদের বেশির ভাগের শ্বাসনালী পুড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা বেঁচে আছেন তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ট্রাজেডিতে মৃত ৪৪ জনের মধ্যে ২০ মরদেহ পরিবার এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ থেকে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর করা লাশের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। এরা হলেন, নাজিয়া (৩৫), আরহান মোস্তফা (৮), সংকল্প পোদ্দার (১২), মিমু (২০), জান্নাতিন (২৩), সৈয়দা ফাতেমা তুজ জোহরা (১৭), রিয়া (২৩), স্বপ্না আক্তার (৩৭), পম্পি সাহা (৪৬), মেহেরা কবির দোলা (২৫), মাইশা কবির মাহী (২০)।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ