মোরসালিনের গোলে ভুটানের বিপক্ষে জিতল বাংলাদেশ
ফিফার দুই প্রীতি আন্তর্জাতিক ম্যাচের প্রথমটিতে ভুটানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। জয়সূচক গোলটি করেছেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতেই গোল করে দলকে লিড এনে দেন বসুন্ধরা কিংসের ফুটবলার শেখ মোরসালিন।
ম্যাচের পঞ্চম মিনিটে ডি বক্সের ডান প্রান্ত থেকে করা রাকিবের ক্রস ফিস্ট করে ফিরিয়ে দিতে চেষ্টা করেন ভুটানের গোলরক্ষক। বল গিয়ে পড়ে মোরসালিনের পায়ে, সেখান থেকে বল স্বাগতিকদের জালে জড়াতে ভুল করেননি এই তরুণ তারকা।
এরপরে ১৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল ভুটানের ওসামনে। তবে নিমা ওয়াংদি বেশ ভালো একটা শট নিলেও সেটা আটকে দেন বাংলাদেশ গোলকিপার মিতুল মারমা।
বিরতির পর ৫০তম মিনিটে ফ্রি কিক থেকে বাংলাদেশের জালে বল জড়ায় স্বাগতিকরা। তবে অফ সাইডের কারণে গোলটা বাতিল হয়ে যায়। বাকি সময়ে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।
এই নিয়ে ভুটানের বিপক্ষে বাংলাদেশের এটি দশম জয়। দ্বিতীয় প্রীতি ম্যাচটি একই ভেন্যুতে আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে