অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর ‘ভিত্তিহীন’: শিক্ষামন্ত্রী
অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবরকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনার্স পর্যায় থেকে কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। বরং সময়ের চাহিদা অনুযায়ী নতুন কিছু বিষয় যুক্ত করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্প নিয়েও একনেক সভায় আলোচনা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়া হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে।
এদিকে একই বিষয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ থাকবে। তবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিভাগ রাখা হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ তুলে দেওয়ার খবর সঠিক নয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে