Views Bangladesh Logo

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে বৃদ্ধ মাকে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর বিরুদ্ধে তার বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম (৯৫) মধ্য ধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) তার মেয়ে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে থাকা একটি বটি দিয়ে রোকেয়া বেগম তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই রেজিয়া বেগমের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর রোকেয়া বেগম তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তার দাদি মারা গেছেন। খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, স্বামীর মৃত্যুর পর থেকে রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার আচরণও অনেক সময় অস্বাভাবিক ছিল বলে দাবি করেন তারা।

খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রোকেয়া বেগমকে আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ