Views Bangladesh Logo

মঞ্জুরুল ও হাসনাতের মনোনয়নপত্র বাতিল নিয়ে পাল্টাপাল্টি আপিল

কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। একই দিনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে পাল্টাপাল্টি এসব আপিল দাখিল করেন উভয় পক্ষ।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই দুই পক্ষ তাদের আবেদন ও আপিল জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে এসব আপিলের ওপর শুনানি নিয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, প্রার্থিতা বাতিল বা পুনর্বহালের আবেদনের শেষ দিন শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মোট ১৩১ জন প্রার্থী আপিল করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আপিল বুথে আরও প্রার্থীরা অপেক্ষায় ছিলেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, আজ বিকাল ৫টা পর্যন্ত যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়ে আপিল করতে এসেছেন, তাদের সবার আবেদন গ্রহণ করা হবে। এতে যত সময়ই লাগুক, প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ইসির কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল করা হয়।

এদিকে, বৃহস্পতিবার বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্ত ও তা প্রকাশ না করতে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের করা পৃথক লিভ টু আপিল আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ