Views Bangladesh Logo

শেরপুরে বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ, আটক ১

শেরপুরে সদর উপজেলায় অভিযান চালিয়ে মাধ্যমিকের বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার পাঠ্যবই জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সদর উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে পিকআপ ভর্তি বইগুলো জব্দ করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইদুল ইসলাম (২৩) নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইদুল আলম।

বইগুলো কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর সঙ্গে কোনো চক্র কিংবা আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, একটি গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালায়। সেসময় পিকআপটি থেকে ২০২৫ শিক্ষাবর্ষের অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় ৯ হাজার নতুন পাঠ্যবই উদ্ধার করা হয়।

পরে চালকের দেয়া তথ্যের ভিত্তিতে মাইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। বইগুলো কুড়িগ্রামের রৌমারীর সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা নেয়া হচ্ছিল।

শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান বলেন, জব্দ বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত নয়। বইগুলো সম্ভবত কুড়িগ্রাম জেলা থেকে এসেছে।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, এরই মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। জব্দকৃত বইগুলো বর্তমানে সদর থানা হেফাজতে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ