যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
যশোরের মনিরামপুর উপজেলায় নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইনামুল হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ইনামুল হোসেনের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলায়। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তবে মনিরামপুরে তার নাতনির বাড়ি থাকায় সেখানে নিয়মিত যাতায়াত ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের ভাগনে সাদ্দাম হোসেন জানান, ইনামুলের এক ভাগনির নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে রাব্বি (২৩) নামে এক তরুণ আপত্তিকর প্রস্তাব দেন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রাব্বি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে ইনামুলকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।
স্বজনদের ভাষ্য, সোমবার রাত প্রায় ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাব্বিসহ কয়েকজন ইনামুল হোসেনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইনামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রেশমা খাতুন ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ইতোমধ্যে এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে