Views Bangladesh Logo

কেরানীগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সজীব বেপারী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আসামির স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি করে আদায়ের নির্দেশ দিয়েছেন বিচারক। এই টাকা ভুক্তভোগী শিশুর পরিবারকে দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

রোববার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতের সাঁটলিপিকার শামসুন্নাহার।

রায়ের পর সজীব বেপারীকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ৫ মে কেরানীগঞ্জে নিজ বাসায় ছয় বছরের মেয়েসহ দুই সন্তানকে রেখে কাজে যান শিশুটির বাবা-মা। এই সুযোগে পূর্বপরিচিত সজীব শিশুটিকে নিজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।

ঘটনার পর শিশুটির বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ সজীবকে গ্রেপ্তার করে। এরপর আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।

পুলিশ মামলাটি তদন্ত করে একই বছরের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষ সাতজন সাক্ষীকে আদালতে হাজির করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ