Views Bangladesh Logo

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে সিএমএইচে স্থানান্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

মাগুরায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষিত আট বছর বয়সী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেল পাঁচটার দিকে শিশুটিকে বহনকারী অ্যাম্বুলেন্স সিএমএইচে পৌঁছায়।

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশ এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের নির্দেশনায় শিশুটিকে দ্রুত সিএমএইচে পাঠানো হয়। মেডিকেল টিম তার সাথে রয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে নিজন্দুয়ালী গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে গেলে রাতে শিশুটিকে ধর্ষণ করা হয়।

শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৭ মার্চ) তাকে ঢামেক হাসাপাতালে আনা হয়। সেকানে পেডিয়াট্রিক, পেডিয়াট্রিক সার্জারি, অ্যানেসথেসিয়া ও গাইনি বিভাগের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছিল।রাত নয়টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার দুপুরে জানিয়েছিলেন, শিশুটির গলার আঘাত খুবই মারাত্মক। যৌনাঙ্গেও আঘাত রয়েছে। চিকিৎসকরা আশা প্রায় ছেড়ে দিয়েছেন। বাকিটা আল্লাহ ভরসা।

যন্ত্রের সাহায্যে শিশুটির শ্বাসপ্রশ্বাস চলছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।

শিশুটির মা জানিয়েছেন, তার মেয়ে এখনও জ্ঞান ফিরে পায়নি। ঘটনার সময় মেয়েটি বাড়িতে একা ছিল। তাই কে তাকে ধর্ষণ করেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে, তিনি চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার চার আসামি শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) ও তাদের মা জাবেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ