Views Bangladesh Logo

বেসিসের নতুন সভাপতি এম রাশিদুল হাসান

দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সিনিয়র সহ-সভাপতি এম রাশিদুল হাসান।

বুধবার (৩০ অক্টোবর) বেসিস কার্যালয়ে জরুরি সভায় তাকে সভাপতি করে ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠিত হয়। এম রাশিদুল হাসান সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

পরিষদে পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সোহেল সিনিয়র সহ সভাপতি এবং পরিচালক মো. আসিফ রহমান সহ সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন।

গত ১৭ অক্টোবর বেসিসের সভাপতি ও পরিচালক পদ থেকে রাসেল টি আহমেদ এবং সহ সভাপতি (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করার পর থেকে পদ দুটি শূন্য ছিল।

বেসিস সদস্যদের কাছে পাঠানো নোটিশে বলা হয়েছে, নির্বাচিত কাউন্সিল সদস্যদের বাইরে কাউকে কো-অপ্ট এড়িয়ে সব কার্যক্রম পরিকল্পনা অনুসারে এগিয়ে নিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় বেসিস ও এর সদস্যদের স্বার্থ সংরক্ষণ করে সামর্থ্য অনুসারে সংস্কার প্রচেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। ছয়মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি পূরণে আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করা হয়েছে।

নোটিশে বলা হয়, বেসিসের গঠনতন্ত্র সংশোধন, সদস্যপদ নিরীক্ষা এবং সদস্যদের সুরক্ষাসহ প্রয়োজনীয় সংস্কারের কাজ চলছে। ২০২৫ সালের জানুয়ারির মধ্যে প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বার্ষিক সাধারণ সভা/ইজিএমে এসব সংস্কারের সমন্বিত অগ্রগতি প্রতিবেদন সদস্যদের সামনে উপস্থাপন করা হবে।

বেসিস সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে নোটিশে আরও বলা হয়, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সফটওয়্যার ও আইটি সেবা খাতের সত্যিকার উন্নয়ন ও প্রবৃদ্ধি নিশ্চিতে সফলভাবে প্রয়োজনীয় ও জরুরি সংস্কার সাধন এবং দেশীয় ও আন্তর্জাতিকভাবে বেসিসের সুনাম সমুন্নত রাখা অপরিহার্য। বর্তমান কার্যনির্বাহী পরিষদের সমর্থনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আসুন, সকল ভেদাভেদ দূরে সরিয়ে রেখে নিজ নিজ অবস্থান থেকে বেসিসকে দৃষ্টান্তমূলক বাণিজ্য সংগঠন হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হই। আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ