Views Bangladesh Logo

তানোরের গোকুল মথুরা খেলার মাঠ রক্ষায় লংমার্চ মঙ্গলবার

 VB  Desk

ভিবি ডেস্ক

তানোর পৌর শহরের ঐতিহ্যবাহী গোকুল মথুরা খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের অপচেষ্টার প্রতিবাদে ও মাঠটি রক্ষার দাবিতে রাজশাহীর জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে লংমার্চ করবেন গ্রামটির বাসিন্দারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় খেলার মাঠটি থেকে লংমার্চটি শুরু হয়ে রাজশাহীর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হবে। সেখানে অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা।

তানোর পৌর শহরবাসী ও সচেতন নাগরিক সমাজ এবং স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে সোমবার (১৪ এপ্রিল) নতুন এই কর্মসূচি দেন উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জের (ইয়্যাস) সভাপতি মো. শামীউল আলীম শাওন।

গোকুল মথুরা গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠ প্রাঙ্গণের এই সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন নানা শ্রেণি-পেশার শতাধিক গ্রামবাসী।

সমাবেশে সভাপতিত্ব করেন গ্রামের বাসিন্দা মো. হারুন-অর-রশিদ। স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক অমিত হাসান রনির সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু সদস্য হাফিজুর রহমান, গ্রামের বাসিন্দা আলম প্রামানিক প্রমুখ।

আন্দোলনকারীরা জানান, বেশ কয়েকদিন ধরে আইন না মেনে ঐতিহ্যবাহী গোকুল মথুরা খেলার মাঠ দখল করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের অপচেষ্টা চলছে।

তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের যুগোপযোগী মান উন্নয়নের পাশাপাশি খেলার মাঠটি উন্মুক্ত এবং সবার প্রবেশাধিকার অক্ষুণ্ন থাকুক। মাঠ রক্ষা করেই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।

প্রয়োজনে অন্যত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে সরকারি সহযোগিতা নেয়ারও দাবি জানান তারা। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ