গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তালিকা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।
তালিকা অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৪ জন, সিরাজগঞ্জে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাইরে খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় বাকি ১৬ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
তালিকায় নিহতদের নাম, পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম এবং ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে।
তালিকা প্রকাশ করে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, ‘আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছেন। তাই গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো।’
সদর দপ্তর আরও জানায়, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যে সকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে